জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গতকাল শুক্রবার তাজরীন ফ্যাশন লিমিটেডের আহত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়া এবং ১১৩ জন শ্রমিক হত্যার দায়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো: বাহারানে সুলতান বাহার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন : জাগো বাংলাদেশের সভাপতি সাংবাদিক ফরিদ খান, সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা, মো: শামীম, জরিনা, আঞ্জু, রেহেনা, মো: আনিছ, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল শিকদার, সাংবাদিক মিলন মল্লিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালে ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজরীন ফ্যাশনে ১১৩ জন শ্রমিক নিহত হন। ওই ঘটনায় আহত হন বহু শ্রমিক। ওই সময় প্রধানমন্ত্রী ছাড়াও বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ব্যাংক বীমা, এনজিওসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সাহায্য-সহযোগিতায় আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত কোনো রকমের সাহায্য-সহযোগিতা ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা পাননি।
মানববন্ধনে তাজরীন ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা অভিযোগ করেন আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা বহুবার বিভিন্ন প্রতিষ্ঠানে ধরনা দিয়েছি। তবে কেউ আমাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেননি। মুখরোচক শিরোনামের জন্য মিডিয়ায় ঘোষণা দিলেও বাস্তবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। ইতোমধ্যে বহু শ্রমিক পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাদের কোনো রকমের ক্ষতিপূরণ দেয়া বা পুনর্বাসন করা হয়নি। তাদের সার্বিক সহযোগিতা করা খুবই প্রয়োজন। জীবনের তাগিদে বাধ্য হয়ে প্রেস ক্লাবের সামনে এসে আপনাদের সহযোগিতা কামনা করছি।
