বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানিয়ে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র জোট।
মানববন্ধনে ছাত্র জোটের নেতৃবৃন্দ বলেন, বুয়েটের শের এ বাংলা হলে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে জখম করে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখার নেতৃবৃন্দ। গুরুতর ভাবে আঘাত করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মৃত্যুবরণ করে। সারাদেশে কলেজ বিশ^বিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ ও আধিপত্য চলছে। যার শিকার আবরার ফাহাদ।
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদী মানববন্ধন করে । মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুন-অর রশিদের সঞ্চালনায়, নগর সভাপতি মাধব চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট ভাওয়াল কলেজের সাবেক আহ্বায়ক আল আমিন শ্রাবণ,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সজিব শাহ্ সরদার, ছাত্র ফ্রন্ট নগর শাখার সদস্য ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সংগঠক রকিবুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আবরার হত্যার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া সম্প্রতি ভারতের সাথে সম্পাদিত সকল অসমচুক্তি বাতিল এবং নতজানু পররাষ্ট্রনীতি জন্য নিন্দা প্রকাশ করে বলেন, প্রশাসন আবরার হত্যার সাথে জড়িত সকলেকে দ্রুত শাস্তির আওতায় আনতে ব্যর্থ হলে প্রগতিশীল ছাত্র জোট সারাদেশে স্কুল,কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আরও বড় রকমের কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে।
