ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফল অর্জনকারীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১০৩ নং কক্ষে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জানা যায়,শিক্ষাবৃত্তিটি দুই ক্যাটাগরিতে দেওয়া হয়।এর মধ্যে বাংলা বিভাগের ২০১৮ সালের স্নাতক সম্মান শ্রেনীর চূড়ান্ত পরীক্ষার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের “হাবিব আর রহমান শিক্ষাবান্ধব”এবং প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফল অর্জনকারীদের ” সাহেদা খানম- সরওয়ার মুর্শেদ” শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক ড.সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা,বাংলা বিভাগের অধ্যাপক ড. হাবিব আর রহমান ও অধ্যাপক ড. মো:সরওয়ার মোর্শেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় এবং এর মাধ্যমে তাদের সামনে চলার অনুপ্রেরণা জাগ্রত হয়।যার ফলে অন্যান্য শিক্ষার্থীরা এ থেকে আগ্রহী হয় এবং ভবিষ্যতে ভাল ফলাফল অর্জনের চেষ্টা করে। যারা বৃত্তি পায়নি তাদের হীনমন্যতায় না ভোগে নিজেদের সুপ্ত প্রতিভা সর্বোচ্চভাবে বিকাশ ঘটানোর দিকনির্দেশনা দেন তিনি।
তিনি বাংলা বিভাগের শিক্ষকদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভাগের যেকোন কার্যক্রমে সহযোগীতার আশ্বাস দেন এবং প্রতিটি বিভাগকে এই শিক্ষাবৃত্তি চালুর আহবান জানান। এছাড়াও বাংলা বিভাগের শিক্ষার্থীদের অনুবাদের ক্ষেত্রে লেখার মননশীলতা ও প্রাণচাঞ্চল্যের আবশ্যকতার পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের জন্য “ট্রান্সলেশন স্টাডি” নামে একটি কোর্স চালু করার ঘোষণা দেন।
উল্লেখ্য, স্নাতক সম্মান শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো:আবুল হাসেম ও মোছা:তহমিনা খাতুনকে” হাবিব আর রহমান শিক্ষাবৃত্তি” দেওয়া হয়।এছাড়াও ১৪-১৫ এর মো: আবুল হাসেম, ১৫-১৬ এর মো: তাছলিমা তানজিম,১৬-১৭ এর ফারহানা সুলতানা ও নাঈমা পারভীন এবং ১৭-১৮ শিক্ষাবর্ষের মোছা: হানিফা খাতুনকে “সাহেদা খানম-সরওয়ার মুর্শেদ শিক্ষাবৃত্তি “প্রদান করা হয়।
