নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালক ও ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইউসিবি ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে।
তার মৃত্যুতে ইউসিবি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পর্ষদ ও ইউসিবি পরিবার শোক প্রকাশ করেছে।
ফরিদ উদ্দিন আহমেদ ১৯৬৯ সালে বহুজাতিক ওষুধ শিল্প সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনে কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগদান করেন। গ্ল্যাক্সোস্মিথক্লাইনে ৩৯ বছরের কর্মজীবনে ফরিদ অ্যাকাউন্টস বিভাগ, ইন্টারনাল অডিট বিভাগ এবং সাপ্লাই চেইন বিভাগের প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়া, তিনি প্রায় দুই দশক আইসিএমএবি এর কোর্স প্রশিক্ষক এবং দুই মেয়াদে আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফরিদ উদ্দিন আহমেদ ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ আশিক মোহাম্মদ বলেন, ফরিদ উদ্দিন আহমেদকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে
আমাদের বাণী ডট কম/১৮ জুন ২০২০/পিপিএম
