নারায়ণগঞ্জ সংবাদদাতা;  করোনাভাইরাস শনাক্তে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে কিট সংকট দেখা দিয়েছে। এতে বুধবার (১৭ জুন) ল্যাবটিতে করোনার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। নমুনা পরীক্ষা করতে গিয়ে হাসপাতাল থেকে অনেকে ফিরে এসে ক্ষোভ প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় কিট সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, দু-একদিনের মধ্যে হয়তো এ সমস্যার সমাধান হয়ে যাবে।

গত ৬ মে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্ধারিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। শুরুর দিকে ল্যাবটিতে শ খানেক পরীক্ষা হলেও পরবর্তীতে তা বেড়ে পৌনে ৩শটিতে পৌঁছায়। প্রতিনিয়ত নমুনা সংগ্রহ বাড়তে থাকে।

এ বিষয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, আমরা সব সময় স্বাস্থ্য বিভাগকে আমাদের কিট মজুত এবং পরীক্ষা সম্পর্কে অবগত রেখেছি। কিট শেষ হওয়ার আগে কিটের জন্য আবেদন করেছি। তারাও পৌঁছে দিতো। তবে এবার কিট সরবরাহে বিলম্ব হচ্ছে। যার ফলে আজ পরীক্ষা করা সম্ভব হয়নি।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) তারা কিট প্রেরণ করবে। আশা করছি বৃহস্পতিবার নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই স্বাভাবিক হবে।

এর আগে কিটের অভাবে ময়মনসিংহে করোনাভাইরাসের পরীক্ষা বন্ধ রয়েছে। নতুন ঘোষণা না দেয়া পর্যন্ত ময়মনসিংহে নমুনা সংগ্রহ করা বন্ধ থাকবে। অবশ্য প্রথমে বলা হয়েছিল কারিগরি ত্রুটির কথা। গতকাল বুধবার (১৭ জুন ২০২০) রাতে সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় এ কথা জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় অবহিত করেন যে, কারিগরি ত্রুটির কারণে আজ (বুধবার) মেডিকেল কলেজ ল্যাব থেকে নমুনা পরীক্ষা সম্পন্ন হয়নি। আজ কোনো রিপোর্ট প্রদান করা হবে না। পরবর্তীতে সঠিক রিপোর্ট দেয়া হবে।’ পরবর্তীতে আরেকটি ঘোষণায় বলা হয়, ‘কাল থেকে নতুন ঘোষণা না দেয়া পর্যন্ত ময়মনসিংহে নমুনা সংগ্রহ করা বন্ধ থাকবে। নতুন টেস্ট কিট আসছে না বিধায় এই সিদ্ধান্ত। ‌সাময়িক এ সমস্যার জন্য আমরা দুঃখিত। আশা করি দুয়েকদিনের মধ্যে এ সমস্যা সমাধান হবে। যখনই নমুনা সংগ্রহ করা শুরু হবে সাথে সাথে অবহিত করব ইনশাল্লাহ। অযথা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হাসপাতালে নমুনা দিতে না আসার জন্য অনুরোধ করছি।’

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮   হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।