ঘূর্ণিঝড় ‘বুলবুল’ অতিপ্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দুর্বল অবস্থায় ঝড়টি বাংলাদেশের খুলনা উপকূলের দিকে এগোচ্ছে। ভোরের দিকে ঝড়টি খুলনা অঞ্চলে প্রবেশ করতে পারে। ক্রমশ দুর্বল হয়ে আসলেও ঝড়ের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টি ক্রমশ উপকূলের উত্তর পূর্বদিকে অগ্রসর হচ্ছে। গতি কমলেও ল্যান্ডফলের সময় স্বাভাবিক জোয়ারের তুলনায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা এখনও রয়ে গেছে।
তিনি বলেন, উপকূলে জোয়ারের পিকটাইম ছিল রাত ৯টা। এরপর ভাটা শুরু হয়েছে। রাত ৩টার দিকে আবার নতুন জোয়ার আসবে। এ অবস্থায় ঘূর্ণিঝড় বুলবুল উপকূল হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় স্বাভাবিক জোয়ারের তুলনায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে।
