নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ; জেলার কটিয়াদীতে বজ্রপাতে লাল মিয়া (৫০) ও ইন্নছ আলী (৪০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে ২০২০) বিকেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।
লাল মিয়া আচমিতা ইউনিয়নের মৃত হাবিজ মিয়ার ছেলে।
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু জানান, লাল মিয়া বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার সময় উটাবিলের জমি থেকে গরু আনতে যান। অনেক সময় হয়ে গেলেও গরু নিয়ে বাড়িতে ফিরে না আসায় তার ছেলে বাবার খোঁজ করতে যায়। মাঠে গিয়ে দেখে গরুসহ তার বাবার লাশ জমিতে পড়ে রয়েছে। পরে ছেলের ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসে।
একই দিন বিকেলে পৃথক বজ্রপাতের ঘটনায় ইন্নছ আলী নামের আরো এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি চান্দপুর ইউনিয়নের মিরেরপাড়া গ্রামের মিছির আলীর ছেলে। চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জানান, ইন্নছ আলী বৃহস্পতিবার বিকেল বাড়ির পাশেই জমি থেকে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এক দিনে দুইজন কৃষকের মৃত্যুতে সাবেক আইজিপি ও সংসদ সদস্য নুর মোহাম্মদ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, অসহায় দুই পরিবারকে আমার পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করব। একই সাথে এলাকার বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ
