ডেস্ক রিপোর্ট, ঢাকা;  প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে, উপসর্গ নিয়ে ও অন্যান্য রোগে মৃত এক হাজার ২১১টি লাশ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আলেম-ওলামাদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিম সারাদেশে জীবনের ঝুঁকি নিয়ে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

আজ শুক্রবার (১০ জুলাই ২০২০) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয় বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত কোভিড-১৯ ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৩ জন, চট্টগ্রামে ৩৫৮ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৮৮ জন, সিলেট বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ১৭৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪২ জনের লাশ দাফন করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে মৃত ব্যক্তির কাফন, জানাজা ও দাফন সম্পাদনের জন্য গত ২৬ মার্চ জেলা, উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় জোনভিত্তিক ছয় সদস্য বিশিষ্ট ৬১৪টি স্বেচ্ছাসেবক টিম গঠন করে ইসলামিক ফাউন্ডেশন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক লাশ দাফন-কাফনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য গঠিত টিমকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (এইচডব্লিউও) নির্দেশিত স্বাস্থ্যবিধি ও ধর্মীয় অনুশাসন মেনে কীভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে লাশ দাফন-কাফন করা হবে, সেই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণ দিয়ে থাকে।

সারাদেশের ৬৪ জেলায় করোনা সংক্রমণে মৃত ব্যক্তির দাফন কাজ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। লাশ দাফন সংক্রান্ত টিমগুলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরকারি নির্দেশনা অনুসরণ করে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা   দুই হাজার ২৭৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন  দুই হাজার ৯৪৯ জন । এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল  এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জন ।

আমাদের বাণী ডট কম/১০  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।