ডেস্ক রিপোর্ট, ঢাকা; সাবেক পররাষ্ট্রসচিব এম শহীদুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন।
শহীদুল হক আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২০) সন্ধ্যায় গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে সাবেক এই পররাষ্ট্রসচিবের করোনা শনাক্তের তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যোশাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সংগঠনটি জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের ১৯৮৩ ব্যাচের কৃতি অ্যালামনাস, স্যোশাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য ও সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শহীদুল হক (মুরাদ) করোনায় আক্রান্ত। তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে গত ৫ আগস্ট থেকে চিকিৎসাধীন।
শহীদুল হক সচিব থেকে অবসর নেয়ার পর নর্থ-সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১১ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৭১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৫৩৫ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮২০টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯৯৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৬৩ হাজার ৮০৩ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।’

