ডেস্ক রিপোর্ট, ঢাকা; মরণঘাতি করোনা ভাইরাসের মৃত্যু মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছে অসংখ্য নাম। এবার এই প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশ পুলিশের আরেক গর্বিত সদস্য এএসআই (সশস্ত্র) মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮)। তিনি ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল সোমবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার নওদা গ্রামে।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
এ নিয়ে বর্তমান করোনাকালে দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশের ৬৬ জন গর্বিত সদস্য জীবন উৎসর্গ করেছেন।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন হেলথ বুলেটিনের সর্বশেষ (১০ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে মোট মারা গেলেন তিন হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯০৭ জনের মধ্যে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬০ হাজার ৫০৭। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৫৫টি এবং পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি। ২৪ ঘণ্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯০৭ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬০ হাজার ৫০৭ জনে।
আমাদের বাণী ডট কম/১১ আগস্ট ২০২০/পিপিএম

