ডেস্ক রিপোর্ট, ঢাকা; প্রাণঘাতী করোভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীরের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (০৩ আগস্ট ২০২০) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।
গত কিছু দিন থেকে আলমগীর করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন। এটিএম আলমগীরের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় জানাজায় শেষে তাকে মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকার আল রশিদ ফাউন্ডেশন তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান কামাল হোসেন।
পরিবার সূত্র জানায়, আলমগীর ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বিএনপিদলীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
সুপ্রিমকোর্টের আইনজীবী এটিএম আলমগীর শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তবে গত নির্বাচনের আগে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০২ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। ৩ হাজার ৬৮৪ টি নমুনা পরীক্ষায় এ তথ্য মিলেছে।দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

