কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ঘোষপুরে ছুরিকাঘাতে মো: মান্না(২৬) নামে এক যুবক নিহত হয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে এবং হত্যায় ব্যবহিৃত ছুরি উদ্ধার করেছে। নিহত মান্না গোবিন্দপুর গ্রামের জামাল খানের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার গেল রাত ১০টার দিকে ঘোষপুর জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ মাহফিল শুনতে যায় মান্না। সেখানকার একটি রাস্তায় মান্নার সাথে কয়েকজন বখাটের কথাকাটাকাটি হয়। এসময় বখাটেরা তাকে ছুরিকাঘাত করে। দ্রুত উদ্ধার করে পার্শবর্তি পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এসময় এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ ওই চারজন বখাটেকে গ্রেফতার করে। এরা হলো, চরসাদীপুর ইউনিয়নের চরকুশাখালী গ্রামের বকুল প্রামাণিকের ছেলে তারিকুর রহমান, জলিল মন্ডলের ছেলে মুন্না মন্ডল, ইদ্রিস মন্ডলের ছেলে সাগর মন্ডল ও মুরাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ। এদের প্রত্যেকে বয়স ১৭ থেকে ২০ বছর। পরে তাদের কাছ থেকে হত্যায় ব্যবহিৃত ছুরি বা চাকু উদ্ধার করে।
