কুমিল্লা সংবাদদাতা; কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে করোনা উপসর্গে দুই দিনে প্রাণ হারালেন ৯ জন। বুধবার (২২) জুলাই মারা যান ৩ জন।
২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, মারা যাওয়া ছয়জন জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালটিতে ভর্তি ছিলেন। এর মধ্যে দুইজন আইসিইউতে, একজন কভিড ওয়ার্ডে এবং তিনজন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জন হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আবদুল খালেক (৬৫), মনোহরগঞ্জ উপজেলার আমেনা বেগম (৭৭), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আবদুল লতিফ (৮০), একই উপজেলার হোসনেয়ারা বেগম (৬০), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের মহিউদ্দিন (৫৫) এবং কুমিল্লার সন্দেশপাড়া এলাকার রাইতের নেছা (৬৫)।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মহিউদ্দিন (৫৫) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৫ বিজিবিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন কুমেকের পরিচালক ডা. মুজিবুর রহমান।।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (২৩ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮০১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৬ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে পূর্বেরসহ ১২ হাজার ৩৯৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ৬০টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৮৫৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ১৬ হাজার ১১০ জন। শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/২৪ জুলাই ২০২০/পিপিএম

