সৌদি আরবে ধরপাকড়ের শিকার হয়ে আরো ৭৪ জন বাংলাদেশী খালি হাতে দেশে ফিরে এসেছেন। গত শুক্রবার রাতের ফ্লাইটে এসব শ্রমিক দেশে ফিরেছেন। বিমানবন্দরে ফিরেই হতভাগ্য শ্রমিকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের একজন কর্মকর্তা শনিবার  জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের আউট পাস নিয়ে ৭৪ জন শ্রমিক দেশে ফিরে আসেন। যেসব শ্রমিকের বাড়ি যাওয়ার টাকা নেই তাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে তাদের সবাইকে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ শেষে রাতের খাবারের ব্যবস্থা করা হয়।

কর্মকর্তারা জানান, দেশে ফেরা শ্রমিকদের কেউ কেউ অভিযোগ করেন, সৌদি আরবে যাওয়ার এক বছর পরও তারা কোনো বেতন পাননি। আবার কেউ কেউ দাবি করছেন, ইকামার মেয়াদ ৯ মাস বাকি থাকার পরও পুলিশ রাস্তা থেকে আটক করে দেশে পাঠিয়ে দিয়েছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হাসান ফেরত আসা কর্মীদের বিষয়ে আগেই বলেছিলেন, যারা দেশে ফিরছেন তাদের মধ্যে অনেক পুরনো শ্রমিকও আছেন। আবার কয়েক দিন আগে গেছেন এমন শ্রমিকও ফেরত আসছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।