নিজস্ব সংবাদদাতা, ঢাকা; দেশের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে গত ২৪ঘণ্টায় আরও ২৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট আক্রান্ত সদস্যের সংখ্যা দাড়াল ১১৫৩ জনে। আর এ পর্যন্ত মহামারি এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫ পুলিশ সদস্য।
আজ মঙ্গলবার (০৫ মে ২০২০) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য পাওয়া যায়।
সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত যোগ করে দেখা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছে ৩১৫ জন এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২৫০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনায় এখন পর্যন্ত যে ৫ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তারা হলেন, ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।
পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, করোনায় আক্রান্ত ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগরীতে। সেখানে প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৫ মে ২০২০) তথ্য অনুযায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।
আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ
