চুয়াডাঙ্গা সংবাদদাতা; ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব চলছে চুয়াডাঙ্গায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১২টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৮২ কিলোমিটার। জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার। । ঝড়ে অনেক কাঁচাঘর ভেঙে গেছে, গাছপালা উপড়ে পড়েছে।
বুধবার (২০ মে ২০২০ ) রাত বাড়ার সাথে সাথে ঝড়ের গতিবেগ ও বৃষ্টিপাত বাড়ছে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।
ঝড়ের কারণে ৩৩ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে প্রশাসনের কর্মকর্তারা জানাতে পারেননি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় বুধবার ভোরে শুরু হয়েছে মুসুল ধারে বৃষ্টি ও বাতাস। বিকাল থেকে বাতাসের গতি বাড়তে শুরু করে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে। রাত ৯টা থেকে ঘূর্ণিঝড় আম্পান শুরু হয়। বর্তমানে চুয়াডাঙ্গায় ঝড় ও বষ্টিপাত অব্যাহত রয়েছে।
রাত ১২টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৮২ কিলোমিটার। জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার।
এর আগে রাত ৯ টার পর প্রচণ্ড গতিতে আঘাত হানে আম্পান। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি। ভেঙে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ঘূর্ণিঝড় আম্পানের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম জানান, চুয়াডাঙ্গায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৮২ কিলোমিটার এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার। ঝড়ের গতি বাড়তে পারে।
এদিকে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চল। ইতোমধ্যে কয়েক শত গ্রাম প্লাবিত হয়েছে। উপকূলীয় এলাকার বাঁধগুলোর পয়েন্ট ভেঙে গেছে। জনপদে প্রবল বেগে পানি প্রবেশ করছে। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। এদিকে পিরোজপুরে মজিবুর রহমান (৫৫) নামে একজন, ভোলায় সিদ্দিক ফকির ও রফিকুল ইসলাম নামে দুজন, সাতক্ষীরায় মধ্য বয়সী এক নারী, পটুয়াখালীতে রাসেদ (৬) নামে এক শিশু ও ঘূর্ণিঝড় আম্ফানে কাজ করা শাহ আলম নামে এক স্বেচ্ছাসেবী, যশোরে খ্যান্ত বেগম (৪৬) ও তার মেয়ে রাবেয়া (১৩) নামে দুই জন, চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় আম্ফানের জোয়ারের পানিতে ডুবে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যুবক ও বরগুনায় এক বৃদ্ধ সহ মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আমাদের বাণী ডট/২১ মে ২০২০/পিবিএ
