ডেস্ক রিপোর্ট, ঢাকা;  চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার পেরিয়ে যাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা পেরিয়েছে একশো। এর মধ্যে পজেটিভ হওয়া ১০৫ জন রোগীরও সন্ধান মিলছে না। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামকে রেডজোন হিসেবে চিহ্নিত করে কঠোর লকডাউনের কথা বলছেন চিকিৎসকরা।

গতকালের সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮ জন। এর মধ্যে নগরীর কোতোয়ালি এলাকায় ৩৭৯ এবং জেলার হাটহাজারীতে ১৭০ জন। সরকারি হিসাব মতে মৃত্যুর সংখ্যা ১শ।

কেন্দ্রীয় কমিটি স্বাচিপ সাংগঠনিক সম্পাদক ডা. আ ন ম মিনহাজুর রহমান বলেন, ‘চট্টগ্রামের করোনা রোগীর সংখ্যা অফিসিয়ালি ৪ হাজার পেরোলেও আমরা মনে করি এ সংখ্যা কয়েকগুণ বেশি। আর মৃতের সংখ্যা ১ শ বলা হলেও যারা লাশ দাফন করে তারা বলছে গত আড়াইমাসে এ সংখ্যা সাড়ে ৩ শ।’

আশঙ্কাজনক হারে রোগী এবং মৃত্যুর সংখ্যা বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। তাই সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামকে রেডজোন ঘোষণা করে কঠোর লকডাউন বাস্তবায়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম জনস্বাস্থ্য রক্ষা কমিটি সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া।

জোন ঘোষণার সিদ্ধান্ত না আসলেও চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলছেন, স্বাস্থ্য বিধি মেনে ঘরে না থাকলে করোনা নিয়ন্ত্রণ কঠিন।

শুধুমাত্র নগরীতেই ৩ জন চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৯০ জন। আর পুলিশ আক্রান্ত হয়েছে প্রায় ৩শো জন। সূত্র; সময় নিউজ টিভি

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৩৩৬জন।গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।’ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন।

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।