নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতাকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে সমন্বিত উদ্যোগ ও ৫ হাজার কোটি টাকা বরাদ্দসহ ৮ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

আজ রবিবার (২২ মার্চ ২০২০) রাজধানীর পুরানা পল্টনস্থ মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনে  লিখিত বক্তবয়ে এই দাবি জানান বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ।

আট দফা দাবি গুলো হলো;  বর্তমান সংকট মোকাবেলায় পর্যাপ্ত করোনা কীট, পিপিই, স্বাস্থ্য সেচ্ছাসেবী প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে তাৎক্ষণিকভাবে কমপক্ষে ৫ হাজার কোটি টাকা ও দীর্ঘমেয়াদে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা, আর্মি স্টেডিয়ামসহ দেশের প্রতিটি জেলা-উপজেলার স্টেডিয়ামকে ফিল্ড হাসপাতালে পরিণত করা এবং তারকা হোটেলসহ জেলার ভাল হোটেলসমূহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার করা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ করোনা ভাইরাস এর বিস্তার ও তা মোকাবেলায় সরকারের বেহাল প্রস্তুতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস সংক্রমণকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করলেও বাংলাদেশের সরকার গত ৩ মাসেও যথাযথ প্রস্তুতি না নিয়ে চরম উদাসীনতা, দায়িত্বহীনতা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে।

বর্তমান এই চরম দুর্যোগ পরিস্থিতি নিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই মহামারীর হাত থেকে কেউ একা বাঁচতে পারবে না, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এ মহামারী মোকাবেলা করতে হবে। তিনি এনজিও ঋণের সুদ মওকুফ ও কিস্তি আদায় বন্ধ রাখার আহ্বান জানান। তিনি বলেন, পুঁজিবাদ করোনা মহামারী সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে এটা আজ প্রমাণিত। তিনি গার্মেন্টস, হকারসহ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান ।

বাসদ প্রধান খালেকুজ্জামান বলেন, বর্তমান সরকারের কথা ও কাজে চরম অসঙ্গতি থাকায় তাদের প্রতি জনগণের কোন আস্থা নেই। আইইডিসিআরসহ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশবাসীকে জনসমাগম ও ভীড় এড়িয়ে সতর্কভাবে চলা ও ঘরে থাকার পরামর্শ এবং ইভিএম ভোটে করোনা সংক্রমণের ঝুঁকির কথা বললেও সরকার জাতীয় সংসদের উপ-নির্বাচন করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এটা সরকারের দ্বি-চারিতার প্রমাণ।

তিনি আরও বলেন করোনা আতঙ্কের সুযোগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নিন্ম আয়ের শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা খুবই নাজুক।

বাম জোটের এই শীর্ষ নেতা দেশের নিন্ম আয়ের মানুষের জন্য সারাদেশে আর্মি রেটে রেশন প্রদান করার আহ্বান জানান। এছাড়া তিনি বাম জোটের নেতা-কর্মীদের সারাদেশে দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থেকে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কর্মকা- করার জন্যও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক কমরেড মোঃ শাহ আলম, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভুইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও কমিউনিস্ট লীগ নেতা নজরুল ইসলাম।

উল্লেখ্য, দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।  আজ রবিবার (২২ মার্চ ২০২০) বিকালে করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৯৭ হাজার ৫৩৮। এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে। বিশ্বব্যাপী এই ভাইরাসে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৭ জনের।

আমাদের বাণী ডট কম/২২ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।