চলতি বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গম বীজের মূল্য গত বছরের তুলনায় কেজিতে ৩ টাকা কম নির্ধারণ করায় চুক্তিবদ্ধ চাষিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

রোববার ঠাকুরগাঁও চৌরাস্তায় বিএডিসি কৃষক ফোরাম ঠাকুরগাঁও জোনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বিএডিসি কৃষক ফোরামের সভাপতি কুতুবউদ্দীন, সাধারাণ সম্পাদক এসএম এমদাদুল হক, চাষি মামুন উর রশীদ, রফিকুল ইসলাম, ইনুস আলী, খেলাফত হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।

চাষিরা জানান, ঠাকুরগাঁও জেলায় ৩টি বীজ উৎপাদন জোনে ১৮শ’ চাষির মাধ্যমে এবার বিএডিসি ৫ হাজার হেক্টর জমিতে প্রায় ২০ হাজার টন গম বীজ উৎপাদন করেছে। এর মধ্যে ৮ হাজার ১শ’ টন গম বীজ ক্রয় করেছে বিএডিসি। সারাদেশে ১২ হাজার টন গম বীজ ক্রয় করেছে বিএডিসি।

সরকার গমের যে দর দেবে বিএডিসি তার চেয়ে ৩০ ভাগ বাড়িয়ে দেবে চাষিদের এমনটাই চুক্তি রয়েছে তাদের। খাদ্য অধিদপ্তর এবার ২৮ টাকা কেজি দরে জেলায় ১৭ হাজার ৯১৫ টন গম ক্রয় করেছে। সে অনুযায়ী ৩৬ টাকা ৪০ পয়সা হওয়ার কথা বিএডিসির গম বীজের দাম।

চাষিদের দাবি, গত বছরের চেয়ে বাজারে এবার গমের দাম বেশি তার পরও এবার প্রতি কেজিতে ৩ টাকা কম নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতি কেজি প্রত্যায়িত ও মানঘোষিত বীজের গম ৩৫ টাকা ছিল, এ বছর ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর বাজারে কাঁচা গমের দর ছিল প্রতি কেজি ১৯ টাকা। আর এবার বাজারে কাঁচা গম ২৩ টাকা থাকলেও বিএডিসি বীজের গম কেজিতে ৩ টাকা কমিয়ে ৩২ টাকা নির্ধারণ করেছে। এতে চাষিরা লোকসানের মুখে পড়ছেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা দ্রুত বিএডিসিকে গম বীজের মূল্য বৃদ্ধির আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।