নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  করোনা ভাইরাসের প্রকোপ সংক্রমণে আসামীদের মুক্তি দিতে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  হত্যা, ধর্ষণ ও অ্যাসিড মামলার আসামি বাদে ইতিমধ্যে দীর্ঘদিন জেলখাটা ও লঘু অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির জন্য এই নীতিমালা করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মাস্ক ও পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বানায় এমন কারখানাগুলো খোলা রেখে বাকিগুলো বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার (০৬ এপ্রিল ২০২০)  মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের যেসব অঞ্চলে করোনা আক্রান্ত রোগী বেশি সেইসব অঞ্চল লকডাউন করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় আট ঘণ্টার পরিবর্তে সাড়ে ছয় ঘণ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (০৬ এপ্রিল ২০২০) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হবে সকাল ৯টায়। শেষ হবে বেলা সাড়ে ৩টায়। মাঝে বেলা সোয়া একটা থেকে বেলা দেড়টা পর্যন্ত জোহরের নামাজ আদায়ের জন্য বিরতি থাকবে। অর্থাৎ রমজানে অফিস সময় আট ঘণ্টার পরিবর্তে সাড়ে ছয় ঘণ্টা হবে। অন্য সময় অফিস সময়সূচি থাকে ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।