নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৫৪০ চিকিৎসকের মধ্যে মাত্র ১৮ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
সংগঠনটি বলছে, আজ শনিবার (০২ মে ২০২০) সকাল আটটা পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫৪০ জন চিকিৎসক। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ জন।
ঢাকায় সর্বোচ্চ ৩৮৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন জানিয়ে বিডিএফ বলেছে, এর মধ্যে ২৩০ জন সরকারি, ১৩৬ জন বেসরকারি এবং ২১ জন অন্যান্য হাসপাতালের চিকিৎসক।
ময়মনসিংহে আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৫৫ জন সরকারি ও ২ জন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। চট্টগ্রামে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১৩ জন সরকারি ও একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
এ ছাড়া খুলনায় ২৯ জন, বরিশালে ১০ জন, সিলেটে ছয়জন, রংপুরে সাতজন সরকারি হাসপাতালের চিকিৎসকসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও ৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৫৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৯০ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। এদের তিনজন পুরুষ, দুজন নারী। পাঁচজনই ঢাকার বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ
