বগুড়া সংবাদদাতা; ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে জেলার নন্দীগ্রামে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে।
আজ সোমবার (২৫ মে ২০২০) সকাল ৯টায় উপজেলার ছোট ডেরাহার গ্রামে এই ঘটনা ঘটে।
সকাল ৯টায় ছোট ডেরাহার মাদ্রাসা মসজিদে গ্রামের কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন। এর আগে গ্রামের রেজা ও আলমের নেতৃত্বে কিছু লোকজন স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। নামাজ শেষে রেজা ও আলমসহ অন্যান্য লোকজন মসজিদে নামাজ আদায়ের জন্য মসজিদের মুহতামিমকে গালিগালাজ করেন।
এ সময় শামিমসহ উপস্থিত লোকজন প্রতিবাদ করলে হানিফ (৩০) নামের একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এর পরই দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ইউপি সদস্য সোহাগ হোসেনকে পুলিশ আটক করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/২৫ মে ২০২০/ডিডিএ
