নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী; জেলায় নতুন করে আরও ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৬ জনে।

আজ শুক্রবার (১৫ মে ২০২০)  বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান এ তথ্য জানান।

সিভিল সার্জন মোমিনুর রহমান জানান, গত ১৩ মে যাদের নমুনা সংগ্রহ করি পরে ১৪ মে রাতে তাদের রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। ৭৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবারই জ্বর ও কাশি ছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ।

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।