ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা নিতে না পারায় শিক্ষার্থীদের অটো প্রমোশন দেয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে, তা সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে দুই মাস লকডাউনের পর বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেয়া হলেও সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
তবে কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল-কলেজ খুলবে না বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টেলিভিশনে দেখিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া হচ্ছে। বিদ্যালয় খোলার পর এই বাড়ির কাজ মূল্যায়ন করা হবে।
বিভিন্ন বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মতো করে অনলাইনে ক্লাস নিচ্ছে। গত ১ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখা হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৯ জুলাই ২০২০/পিপিএম
