শিক্ষা অফিসে আগুন লেগে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বইসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে গেছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে শুক্রবার ভোর ৫ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন, আমার বাসা দক্ষিণ বেতডোবা হওয়ায় প্রতিদিনের ন্যায় আজও ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে যাচ্ছিলাম। এ সময় অফিসের দোতলায় আগুনের কালো ধোঁয়া দেখতে পাই এবং সাথে সাথে শিক্ষা অফিসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে অফিসের দোতলায় মাঝখানের রুমে আগুন লেগেছে। সেই রুমে থাকা প্রিন্টার, টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবসহ ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়ি এক হাজার শিক্ষকের সার্ভিস বই আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম বলেন, সকাল ৬ টার দিকে আগুন লাগার সংবাদ পাই এবং প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
