প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণে পরীক্ষামূলকভাবে এক শিফটের বিদ্যালয় সময়সূচির উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন । শনিবার কুড়িগ্রাম জেলা সদরের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটের বিদ্যালয় সময়সূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় এক মত বিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, বিনা মূল্যের বই বিতরণের পাশাপাশি আগামী বছর থেকে শিক্ষার্থীদের পোষাকের জন্য টাকাও দেয়া হবে। এ ছাড়া পিইডিপি-৪ প্রকল্পের আওতায় তিন ও ছয় কক্ষ বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোকে নয় কক্ষ বিশিষ্ট বিদ্যালয়ে রুপান্তর করা হবে।
শনিবার কুড়িগ্রামে জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া সভায় জেলার সকল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা ইন্সট্রাক্টর, ইউআরসি ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআই ইন্সট্রাক্টর, পিটিআই সুপারসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
