রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও পাংশা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত ব্যাক্তি সাখাওয়াত ফকির (৫০) কে উদ্ধারসহ অপহরণকারী দুই জনকে গ্রেফতার করেছে। এ সময় অপহণকারীদের একজনের কাছ থেকে সাংবাদিকতার আইডি ও ভিজিটিং কার্ড, সাংবাদিক লেখা একটি মোটর সাইকেল ও চারটি মোবাইল ফোন উদ্ধার করে।
রবিবার দুপুরে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়েদুল হক।
আটককৃত অপহরণকারীরা হলো- পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গী গ্রামের মোঃ তাহাজ্জত হোসেনের ছেলে অপু রায়হান (৩২) ও কোড়াপাড়া গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ সোহেল (৩২)।
এর মধ্যে অপহরণকারী অপু রায়হান নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। পুলিশ তার কাছ থেকে দৈনিক গণতদন্তের একটি আইডি কার্ডসহ ভিজিটিং কার্ড উদ্ধার করে। ভিজিটিং কার্ডে দৈনিক যায়যায়দিন, দৈনিক রাজবাড়ী কন্ঠ ও দৈনিক মাটির ডাক পত্রিকার পরিচয় দেওয়া আছে। তাদের কাছ থেকে যে মোটরসাইকেলটি পুলিশ জব্দ করে সেটা পাংশা উপজেলার দৈনিক যায়যায়দিন পত্রিকার সংবাদদাতা শিশিরের বলে জানান অপু রায়হান। অপুর বিরুদ্ধে পাংশা থানায় দুটি এবং গোয়ালন্দ থানায় একটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়েদুল হক বলেন, বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বকশিয়া বাড়ী গ্রামের মৃতঃ নওশের ফকিরের ছেলে কৃষক সাখাওয়াত ফকির তার মেয়েকে মাদারীপুর থেকে নিজ বাড়ীতে নিয়ে আসার সময় শনিবার রাত ৮টার দিকে রামদিয়া সোনাপুর রাস্তার রসুলপুর এলাকায় পৌঁছালে অপহরণকারীরা তাকে সাংবাদিক লেখা ওয়ালটন ১০০ সিসি, রাজবাড়ী-হ-১১-০২০৮ নম্বরের একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে তার পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
বিষয়টি অপহৃতের মেয়ে মামলার বাদী অন্তরা বেগম আমাদেরকে জানালে আমরা প্রযুক্তির সহায়তার মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনা করে পাংশা-কুষ্টিয়া মহাসড়কের পাশে কলেজ পাড়া এলাকার একটি আম বাগান থেকে গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করি এবং দুই অপহরণকারীকে আটক করি।
এ ব্যাপারে অপহরণকারীদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৬, তাং ১৩-১০-১৯ ইং। রোববার দুপুরে অপহৃতকে ১৬৪ ধারা জবানবন্দির জন্য ও আসামীদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
