শিক্ষার উন্নয়নে প্রয়োজনে বিদেশ থেকে শিক্ষক আনার প্রস্তাব করা হয়েছে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে। বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী অসুস্থ বোধ করায় তার পক্ষ থেকে বাজেট বক্তৃতায় এই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে জাপানের সম্রাট মেইজির উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, মেইজির সময়ে জাপান শিক্ষায় অনগ্রসর ছিল। তখন তিনি অনুধাবন করেন জাপানে ছাত্রের অভাব নেই আছে উপযুক্ত শিক্ষকের অভাব। তাই তিনি প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত কয়েক হাজার শিক্ষককে জাপান নিয়ে আসেন। এভাবে জাপান জ্ঞান বিজ্ঞান অগ্রসর হয় এবং পাশ্চাত্যের দেশগুলোকেও ছাড়িয়ে যায়।
২০১৯-২০ অর্থবছরে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণ, উপানুষ্ঠানিক শিক্ষা আইন প্রণয়ন, নতুন জাতীয়কৃত ও বিদ্যমান বিদ্যালয়গুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো উন্নয়নের প্রস্তাব করা হয় বাজেটে। এ ছাড়াও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে ৫ বছর মেয়াদী শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রস্তাব করা হয় যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে জোর দেয়ার কথা জানানো হয়।
কারিগরি শিক্ষার অগ্রগতির জন্য প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল তৈরির প্রস্তাব দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ২ হাজার ২৮১ কোটি টাকা ৬৯ লক্ষ টাকা ব্যয়ে ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুলের প্রস্তাব করা হয়। এছাড়াও ভূমি জরিপ শিক্ষা উন্নয়ন, ২৩টি জেলায় পলিটেকনিক ইন্সটিটিউট, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়। কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে ৪টি বিভাগীয় শহরে ( সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর) মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপনের প্রস্তাব করা হয়।
মাদ্রাসা শিক্ষায় এ বছর সর্বোচ্চ ৭ হাজার ৪৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয় যা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৫ হাজার ৭৫৮ কোটি টাকা। এই অর্থ মাদ্রাসায় অবকাঠামো উন্নয়ন, পাঠ্যপুস্তক বিতরণ, প্রযুক্তিগত উন্নয়ন ও বৈষম্য দূরে ব্যবহারে ব্যয় হবে বলে জানানো হয়।
