রিফাত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তার স্ত্রী মিন্নির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে তাকে ‘ভিলেন’ বানানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। এতে করে বিভ্রান্তি ছড়াচ্ছে জনমনে। পুলিশ বলছে, গুজব নয়, হত্যা মামলার আসামিদের ধরতেই কাজ করছে তারা।

জানা যায়, বরগুনা শহরের অলিতে গলিতে, চায়ের দোকানে, সর্বত্র আলোচনার বিষয় রিফাত হত্যাকাণ্ড। আর এই বিষয়টিকে কেউ না জেনে, আবার কেউ কেউ কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। এজন্য ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবকে। গ্রেপ্তার না হলেও নয়ন বন্ড গ্রেপ্তার হয়েছে এমন পোস্টও দিচ্ছে কেউ কেউ। আবার নিহত রিফাতের স্ত্রী মিন্নির নামে তারই ছবি দিয়ে একটি মহল খুলেছে একাধিক ফেসবুক আইডি।

এদিকে গতকাল শনিবার সকাল থেকেই ফেসবুকের সঙ্গে নামে-বেনামের কিছু অনলাইন পোর্টালে দেয়া হয়েছে ভিত্তিহীন বরগুনা সদর থানার ওসির প্রত্যাহারের খবর। আর সে গুজব রোধে শেষ পর্যন্ত প্রেসবিজ্ঞপ্তি দিতে হয়েছে জেলা পুলিশকে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপকর্ম বন্ধ না করা হলে এর প্রভাব রাষ্ট্রের ওপর পড়বে বলে মনে করেন বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আহসান হাবিব।

অবশ্য বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন বলছে, এই মুহূর্তে রিফাত হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন তারা।

গত বুধবার প্রকাশ্যে স্ত্রী মিন্নি’র সামনে নয়ন বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাতকে। হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হলে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তবে এখন হত্যাকাণ্ডের ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের জন্য বিভিন্ন ফেসবুক আইডি থেকে অশ্লীল ছবি ও বিভিন্ন ব্যক্তির ভিত্তিহীন বক্তব্য পোস্ট করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।