নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার; মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরসহ আটজনের করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।
গতকাল মঙ্গলবার (০৫ মে ২০২০) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ তথ্যটি নিশ্চিত করে বলেন , সিলেট ওসমানী ল্যাবে পরীক্ষায় এই রিপোর্ট আসে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আটজন ডাক্তার ও স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ এসেছে।
সিভিল সার্জন সূত্র জানা গেছে, মৌলভীবাজার জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৮০৫ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২ জন। জেলায় করোনায় মারা গেছেন দু’জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৫ মে ২০২০) তথ্য অনুযায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।
