আমাদের বাণী ডেস্ক, ঢাকা; শিক্ষামন্ত্রী দীপু মনি সম্প্রতি বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধন করতে গেলে সেখানে উপস্থিত ছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখোশ পরে তাকে স্বাগত জানান। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দীপু মনিকে ভর্ৎসনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
আজ সোমবার (০২ মার্চ ২০২০) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত বেশ ক’জন মন্ত্রিপরিষদ সদস্য।
সূত্র জানায়, বগুড়ার ঘটনায় বৈঠকে সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের মুজিববর্ষের অনুষ্ঠানে বাড়তি ব্যয় না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে কোনো মানুষ গৃহহীন থাকবে না। মুজিববর্ষে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন নিশ্চিত করতে চায় সরকার। এটাই মুজিববর্ষের চেতনা। এসময় প্রধানমন্ত্রী, সব স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ না করার নির্দেশ দেন।
আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/সিটীএ
