আগামী ৩ জুন সোমবার সরকারি অফিস-আদালত খোলাই থাকছে। অল্পের জন্য আসন্ন ঈদে টানা ৯ দিনের ছুটি হচ্ছে না সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। ৩ জুন নির্বাহী আদেশে ছুটি দেয়ার বিষয়টি আলোচিত হলেও তা আর হচ্ছে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এবার ঈদের ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে শুধু ৩ জুনই একটি কর্মদিবস। এদিন ছুটি হলে টানা ৯ দিনের ছুটি হতো ঈদে।

৩ জুন ছুটি থাকছে কিনা- জানতে চাইলে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘না, ছুটি থাকবে না। সরকার ৩ জুন ছুটি দেয়ার পক্ষে নয়।’

এবার রমজান মাস ২৯ দিনে হলে ঈদ হবে ৫ জুন বুধবার আর রমজান ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার। ঈদ যেদিনই হোক এবার ঈদের ছুটি শুরু হবে ৪ জুন। ৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার।

এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রোববার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুরু ৩ জুন সোমবার অফিস খোলা।

তবে ছুটি না থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারী ওইদিন ঐচ্ছিক ছুটি নেবেন বলে জানিয়েছেন। ৩ জুন ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটাই ছুটির আমেজ থাকবে বলে মনে করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে ২০১৬ সালে ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটির মধ্যে একদিন অফিস খোলা ছিল। ওই সময় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঝখানের একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তখন ১ থেকে ৯ জুলাইয়ের মধ্যে ৪ জুলাই ছিল কর্মদিবস। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ছুটি ঘোষণা করেন। তবে ওই বছরের ৪ জুলাইয়ের অফিস ১৬ জুলাই শনিবার করতে হয় সরকারি চাকুরেদের।

আগামী সপ্তাহে শুধু একদিন অফিস সেদিন ছুটি থাকবে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এটা নিয়ে (মন্ত্রিসভা বৈঠকে) আলোচনা হয়নি। আমার মনে হয় এটা সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় আর কি!’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।