নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশ্বের ১১০টি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রায় ১০০ কোটি শিশু-কিশোর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিশু-কিশোর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে চীনে। ওই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের নাম। চীনে ২৩ কোটি ৩০ লাখ ও বাংলাদেশে ৩ কোটি ৬৭ লাখ শিশু স্কুলে যাচ্ছে না। ওই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নাম।
এরই মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব কারিগরি ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান করে সচেতনামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসাথে জেলা-উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ২০২০) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে।

আমাদের বাণী ডট কম/২০ মার্চ ২০২০/সিপি
