সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৬২৬টি উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষার্থীদের তুলনায় শিক্ষককের স্বল্পতা রয়েছে। শিগগিরই ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে যাতে কিছুটা হলেও এ সমস্যার সমাধান হবে।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বুধবার রাজধানীর অদূরে কেরানীগঞ্জ উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেশের সর্ববৃহৎ পরীক্ষা। প্রায় ৩০ লাখেরও বেশী পরীক্ষার্থী এ বছর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তিনি বলেন, এর ফলে শিক্ষার্থীদের সাহস ও মনোবল বৃদ্ধি পাবে এবং প্রতিযোগী মনোভাব সৃষ্টি হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মরাই ২০৪১সালের মধ্যে বর্তমান সরকার ঘোষিত উন্নত দেশ গড়ার উত্তম কারিগর। তাই এখন থেকেই মানসম্মত শিক্ষা প্রদান করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ লক্ষ্যে সরকার শিক্ষার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তাই একেবারে শেকড় থেকেই আমরা মানসম্মত শিক্ষা উপহার দিতেই আজকের সমাপনী পরীক্ষার আয়োজন। তিনি আরো বলেন, আমাদের কোমলমতি এ সকল শিশু শিক্ষার্থীদের জোড় করে চাপিয়ে দিয়ে কোচিং করিয়ে জিপিএ-৫ পেতে হবে এর কোন প্রয়োজন নেই।
