মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে কীটনাশক পান করে সোলায়মান প্রধান (৩০) নামের এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান ওই গ্রামের আবদুল মালেক প্রধানের ছেলে। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার ফুলতলী মোজাফ্ফর আলী হাই স্কুলের সহকারী শিক্ষক।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আতিকনগর গ্রামের নিজ বাড়িতে স্কুলশিক্ষক সোলায়মান প্রধান ও তার স্ত্রী মহাসীনা সরকারের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন ছুটে এসে সোলায়মানকে মারধর করেন। মহাসীনা একই গ্রামের মনসুর আলী সরকারের মেয়ে। কিছুদিন আগে তাদের বিয়ে হয়।

এদিকে মারধরের পর অপমান সহ্য করতে না পেরে ওই স্কুলশিক্ষক নিজ বাড়িতে থাকা কীটনাশক পান করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সোলায়মানের মৃত্যু হয়। ঢামেক মর্গে ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকেলে লাশ গ্রামের বাড়িতে আনা হয়।

এ ঘটনায় গজারিয়া থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।