নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনা মোকাবিলায় দেশের সব কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড।
আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২০) কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া এ ঘোষণা দিয়েছে। এর আগে গজত সোমবার (১৬ মার্চ ২০২০) দুপুরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। এই ঘোষণার আওতায় সরকারি আলিয়া মাদ্রাসাগুলোও বন্ধ হয়েছে।
জানা গেছে, মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া’র কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
বাংলাদেশে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর এ দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২০) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান।
আমাদের বাণী ডট কম/১৭ মার্চ ২০২০/টিএ
