ডেস্ক রিপোর্ট, ঢাকা; অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়ার করোনা শনাক্ত হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার রেজাল্টে আনু মুহাম্মদের করোনা পজিটিভ বলে জানানো হয়।
শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথমে শিল্পী বড়ুয়ার কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তিনি গত মঙ্গলবার ঢাকা মেডিকেল ভর্তি হন। পরে শুক্রবার তিনি সেখান থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, আনু মুহাম্মদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শনিবার। রবিবার তিনিও মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হবেন।
অধ্যাপক আনু মুহাম্মদের সঙ্গে দেখা হওয়ার কথা জানিয়ে তাসলিমা আখতার বলেন, তারা আপাতত ভালো আছেন, আশা করি দ্রুত সুস্থ হবেন দুজনই।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের সর্বশেষ (০১ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৩২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৬৯টি নমুনা সংগ্রহ ও ৮ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জনে।
আমাদের বাণী ডট কম/০১ আগস্ট ২০২০/পিপিএম
