সাভার (ঢাকা) সংবাদদাতা;  সাভারে নতুন করে ৭ জন শিল্প পুলিশ সদস্যসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নাজমুল হুদা জানান, শনিবার (১৬ মে) ৭০ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে (বিএলআরআই) পরীক্ষার জন্য পাঠানো হলে, তাদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৭ জন শিল্প পুলিশ সদস্য রয়েছেন।

এ দিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, গতকাল মোট ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে, ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি  নমুনা পরীক্ষা করে  এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৩ জন ও নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের পাঁচজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন পাঁচজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৫১-৬০ তিনজন, ৬১-৭০ তিনজন, ৭১-৮০ তিনজন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন।

আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।