মাসুদ বাবু, লালমনিরহাট জেলা সংবাদদাতা; জেলার   হাতীবান্ধা উপজেলার জমির সীমানায় টিনের বেড়া নিয়ে সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী ও যুবলীগ নেতাসহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ‌দুই পক্ষ হাতীবান্ধা থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করেছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার বিরেন্দ্রনাথ বর্মনের পুত্র এইচএসসি পরীক্ষার্থী বিধান চন্দ্র (১৮), যুবলীগ নেতা ভক্তি বিকাশ (৩৫), ভক্তি বিকাশের স্ত্রী সুফলা রানী (৩০), বিরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী বিরোজিনী রায়, আবুল কাশেমের স্ত্রী শামীমা নাসরিন ও ছেলে সাজ্জাদ হোসেন শামিম।

এদের মধ্যে সুফলা রানী ও বিরোজিনী রায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বিধান চন্দ্র হাতীবান্ধা হাসপাতালে ও ভক্তি বিকাশকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, ওই এলাকার আবুল কাশেম ও বিরোজিনী রায়ের মধ্যে গত শুক্রবার (১২ জুন) সকালে বাড়ির পাশে জমির সীমানায় একটি টিনের নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এ সময় আবুল কাশেম, আবুল কাশেমের পুত্র শাকিব, শামিম, স্ত্রী আইরিন ও মেয়ে জামাই রুমন পূর্ব পরিকল্পিত ভাবে বাঁশের লাঠি, লোহার শাবল ও ছোড়া দিয়ে বিধান চন্দ্রকে এলোপাতারী মারপিট করতে থাকে। তাকে উদ্ধার করতে ভক্তি বিকাশ, বিরোজিনী রায় ও সুফলা রানী এগিয়ে আসলে আবুল কাশেম ভক্তি বিকাশকে লোহার শাবল দিয়ে মাধায় আঘাত করে ও সুফলা রানীকে মারধর করে এমন অভিযোগ বিরোজিনী রায়ের । এ সময় বিধান ও ভক্তি বিকাশ গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান স্থানীয় লোকজন। ভক্তি বিকাশের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মামলার বাদী বিরোজিনী রায় বলেন, দীর্ঘদিন যাবত জমির সীমানা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব লেগে আছে। এরই জের ধরে গত শুক্রবার তারা পুর্ব পরিকল্পিতভাবে আমাদের হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে। আমি এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দিয়েছি।

এসব অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম বলেন, আমরা তাদের মারধর করিনি। তারাই আমাদের সীমানায় ঢুকে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। এতে আমার স্ত্রী ও ছেলে আহত হয়েছে। এরপর তারা নিজেই নিজেদের মাথা ফাটিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এ ঘটনায় আমি হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দিয়েছি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি দু’টি মামলা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।