নিজস্ব সংবাদদাতা, ঢাকা; দক্ষ জনশক্তি গড়ে তুলতে উপজেলা পর্যায়ে সারাদেশে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) প্রতিষ্ঠা করছে সরকার। গ্রামপর্যায়ে কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে সাড়ে ২০ হাজার কোটি টাকার এ প্রকল্প। এসব প্রতিষ্ঠানের আবাসিক-অনাবাসিক মিলিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীকে হাতেকলমে দেয়া হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ সূত্রে এস তথ্য জানা গেছে।
পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণি থেকে লেখাপড়া শুরু চলচে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। অষ্টম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা ও একটি করে কারিগরি বিষয় থাকবে। ১ হাজার ৮০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে প্রতিটি প্রতিষ্ঠান। এরমধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ৩৬০ জন, ৪টি ট্রেডে এসএসসিতে (ভোকেশনাল) ২৪০ জন, এইচএসসিতে (ভোকেশনাল) ২৪০ জন ও ৪টি শর্ট কোর্সে ২৪০ জন থাকবে।
কারিগরি ও মাদরাসা বিভাগের কর্তারা জানান, চলতি বছরের গত ২১ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়)’ নামে এ প্রকল্পটি পাস হয়েছে। এটির ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫২৫ কোটি ৬৯ লাখ টাকা।
এ বিষয়ে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ জানান, দেশে বর্তমানে চলমান প্রকল্পগুলোর মধ্যে বাজেটের দিক থেকে চতুর্থ বড় প্রকল্প এটি। কর্মক্ষম যুবকদের দক্ষ ও যোগ্য করে তুলে দেশে-বিদেশে চাকরি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই প্রকল্পটির কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানগুলোতে ২শ আবাসিক ছাত্রীর জন্য ৬ তলা ভবন নির্মাণ করা হবে। থাকবে খেলার মাঠসহ সব ধরনের সুযোগ-সুবিধা। প্রকল্পের অধীনে প্রতিটি টিএসসির জন্য উপজেলা পর্যায়ে ৯৮৪ একর ভূমি অধিগ্রহণ ও ক্রয় করা হবে। এতে আরও থাকবে একাডেমিক কাম ওয়ার্কশপ ও প্রশাসনিক ভবন, শিক্ষক ডরমেটরি, শহীদ মিনার, মুক্তিযোদ্ধা মনুমেন্ট, বাউন্ডারি ওয়াল, অভ্যন্তরীণ রাস্তা, গভীর নলকূপ, ৫০০ কেভিএ সাবস্টেশন এবং পানি সংরক্ষণাগার ইত্যাদি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায় সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে এমন আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। এ বিষয়ে তারা জানান, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১টি করে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন; চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন; ২৩ জেলায় ১টি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন; কুমিল্লা, রাজশাহী, যশোর ও পটুয়াখালীতে সার্ভে ইনস্টিটিউট স্থাপন; বিদ্যমান ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিটিউটের অবকাঠামো উন্নয়ন ও বিদ্যমান ৬৪ টিএসসির সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি কারিগরি শিক্ষায় ভর্তি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে সরকার উপবৃত্তির ব্যবস্থাও করেছে বলে জানান তারা।
আমাদের বাণী ডট কম/১২ মার্চ ২০২০/পিএ
