নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৩০৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
বুলেটিনে ডা. নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৫ জন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১০ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন।
অধ্যাপক নাসিমা আরো বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনার দুজন, সিলেটের একজন, ময়মনসিংহের দুজন এবং রংপুর বিভাগের একজন। মোট শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭ জন এবং বাড়িতে ১৫ জনের মৃত্যু হয়েছে, আর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
