বরিশাল সংবাদদাতা; চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ৬৯৪ জনের করোনা শনাক্ত হলো।
- অপরদিকে গত একদিনে জেলায় সর্বোচ্চ ৪২ জন সুস্থ হয়েছেন, যা নিয়ে গতকাল সোমবার পর্যন্ত বরিশাল জেলায় মোট ১০২ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গতকাল দিবাগত রাতে জেলা প্রশাসনের গণমাধ্যম সেল জানায়, জেলায় আক্রান্ত ৫৯ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ জন ও রেঞ্জ ডিআইজি অফিসের একজন সদস্য রয়েছেন।
- এদিকে মেট্রোপলিটন পুলিশের ১৬ জনের মধ্যে সহকারী কমিশনার (এসি কোতোয়ালি) মো. রাসেলসহ একজন পরিদর্শক (ডিবি), একজন এসআই, একজন নায়েক, ১১ জন সদস্য ও একজন বাবুর্চি (সিভিলিয়ান) রয়েছে।
পুলিশ সদস্য ছাড়া অন্যান্য আক্রান্তদের মধ্যে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চারজন নার্স ও বেসরকারি হাসপাতালের দুজন চিকিৎসক রয়েছেন। এ ছাড়া অন্যদের মধ্যে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকার ৩২ জন রয়েছেন।
অপরদিকে আগৈলঝাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার চারজন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
- বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৯ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল পর্যন্ত বরিশাল নগরীসহ ১০ উপজেলায় ৬৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ ছাড়া এখন পর্যন্ত এ জেলায় মোট ১০২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং সাতজনের মৃত্যু হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৩৩৬জন।গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।’ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন।
আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ
