গণসাক্ষরতা অভিযানের এক গবেষণা থেকে জানা গেছে, অন্য কোনো পেশায় চাকরি না পেয়ে শিক্ষকতায় এসেছেন ৪২ শতাংশ। রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে প্রকাশিত শিক্ষা বিষয়ক এনজিও সংস্থা গণসাক্ষরতা অভিযানের ‘এডুকেশন ওয়াচ রিপোর্ট ২০১৮-১৯’-এ এসব তথ্য উঠে আসে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। মোট ৬০০টি সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার তিন হাজার শিক্ষকের সাক্ষাৎকারের মাধ্যমে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এবারের বিষয় ছিল ‘চতুর্থ টেকসই উন্নয়ন অভীষ্টের আলোকে বাংলাদেশে মাধ্যমিক শিক্ষাস্তরের শিক্ষকবৃন্দ’।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষকতাকে সবচেয়ে সম্মানজনক পেশাগুলোর একটি ভাবা হলেও পেশা, প্রতিষ্ঠান ও সম্মানী—এই তিনটি মিলিয়ে দেশের স্কুল, কলেজ ও মাদরাসার মাত্র ২৬ দশমিক ৩ শতাংশ শিক্ষক সন্তোষ প্রকাশ করেছেন। বাকি ৭৩ শতাংশ শিক্ষকই নিজেদের পেশা নিয়ে সন্তুষ্ট নন। অন্য কোনও চাকরি না পেয়ে শিক্ষকতায় এসেছেন ৪২ শতাংশ। এক-তৃতীয়াংশ শিক্ষক তাদের বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আর শিক্ষকতা পেশা ছাড়তে চান ৫ দশমিক ২ শতাংশ শিক্ষক। তবে পেশা, প্রতিষ্ঠান ও সম্মানী মিলিয়ে তুলনামূলকভাবে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সন্তুষ্টি বেশি। তাঁদের মধ্যে ৫৫ শতাংশ তিনটি ক্ষেত্রেই সন্তোষ প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, দেশের মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ৩৭ শতাংশ শিক্ষক বাজার থেকে কেনা নোট-গাইড বইয়ের ওপর নির্ভরশীল। তাদের ২২ দশমিক ৪ ভাগ নিজের বাসায় অর্থের বিনিময়ে প্রাইভেট পড়ান। প্রশ্ন তৈরি করতে পারেন না বেশিরভাগ শিক্ষক। ১৪ দশমিক ৪ ভাগ শিক্ষক সরাসরি শিক্ষক সমিতি বা খোলাবাজার থেকে প্রশ্নপত্র কিনে পরীক্ষা নেন নিজ স্কুলে। গণসাক্ষরাতা অভিযানের ‘এডুকেশন ওয়াচ ২০১৮-২০১৯’-এর প্রতিবেদনে মাঠ পর্যায়ের এমন চিত্রই উঠে এসেছে। গত ত্রিশ বছরের বেশি সময় ধরে শিক্ষার উন্নয়নের কথা বলে বিদেশ থেকে হাজার কোটি ডলার এনেছে গণসাক্ষরতা অভিযান। সময় সময় তারা এমন প্রতিবেদন প্রকাশ করে থাকে।

গবেষণায় বলা হয়, বর্তমানে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষক রয়েছেন তাঁদের ৪২ শতাংশই শিক্ষকতা করতে চাননি। তাঁদের জীবনে যে লক্ষ্য ছিল তা পূরণ না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই এই পেশায় এসেছেন। বর্তমানে শিক্ষকতা পেশায় থাকা ৫৮ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, তাঁরা শিক্ষক হতে চেয়েছিলেন। বাকিদের মধ্যে ১১ দশমিক ১ শতাংশ ডাক্তার অথবা প্রকৌশলী, ১৩ শতাংশ সরকারি কর্মকর্তা, ১ দশমিক ৫ শতাংশ ব্যবসায়ী হতে চেয়েছিলেন। এ ছাড়া পুলিশ ও প্রতিরক্ষায় চাকরি করতে চেয়েছিলেন ৫ দশমিক ৩ শতাংশ, ব্যাংকে ৪ দশমিক ২ শতাংশ, অন্যান্য ২ দশমিক ৮ শতাংশ এবং ৩ দশমিক৩ শতাংশ শিক্ষকের কোনো লক্ষ্য ছিল না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।