ডেস্ক রিপোর্ট, ঢাকা;  প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬১ জন আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। সুস্থ হয়েছেন মোট ১১ জন।

আনসার বাহিনী সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপমহাপরিচালক একজন, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার ও একজন নার্সিং সহকারী।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৩৪ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫০ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া আনসার সদস্যের নাম আব্দুল মজিদ। আইডি নং-১৩১৮৯ (বগুড়া)। তিনি অঙ্গীভূত হয়ে ভাটারা থানায় কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে দুপুরে তিনি মারা যান।

উল্লেখ্য, আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া বাকীদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।

আমাদের বাণী ডট কম/১২ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।