ডেস্ক রিপোর্ট, ঢাকা;  আসন্ন ইদুল আজহায় গণপরিবহন চলবে কিনা, এই ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। যদিও গত ঈদে (ঈদুল ফিতর) বন্ধ ছিল গণপরিবহন, চলাচলেও ছিল নিষেধাজ্ঞা। স্বাভাবিকভাবে বাড়ি ফেরার কোনও সুযোগ ছিল না।

তবে ওই ঈদে একমাত্র ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফেরার সুযোগ দিয়েছিল সরকার।

নতুন সিদ্ধান্তে জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আগের মতো চলাচল সীমিত রেখে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এবারের ঈদে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুরহাট বসানোর পাশাপাশি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা হবে।

এদিকে চলতি বছরের মার্চ মাসের শুরুতে দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ে। পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল।

এরপর ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন। সেই থেকে এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেই চলছে গণপরিবহন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩৫২জনের মৃত্যু হলো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮৩  হাজার ৭৯৫ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।  আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১০৫৯ টি যা গতকাল ছিল ১১,১৯৩ টি।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।