নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসের চলমান সঙ্কটের মধ্যেই মহাসড়কে বাস চলাচল শুরু হচ্ছে। এক্ষেত্রে বাসের নির্ধারিত সিটের অর্ধেক যাত্রী পরিবহন করতে বলা হয়েছে। তাই পূর্বের তুলনায় ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ শনিবার (৩০ মে ২০২০) বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ ধরনের সুপারিশ করা হয়েছে। বৈঠকে বলা হয়, একজন যাত্রীকে দুটো টিকেট কিনতে হবে। দুটো টিকেটের জন্য ২০ শতাংশ ছাড় দেয়া হবে।
ব্রিফিংয়ে বিআরটিএ চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা জানান, ৫০ সিটের বাসে ২০ জন করে যাত্রী পরিবহন করা হবে। ফলে বাস পরিচালনার খরচ মেটাতে যাত্রীদের প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হবে। করোনার জন্য স্বাস্থ্যবিধি মানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩০মে ২০২০) তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১ হাজার ৪৪৩টি। নমুনা পরীক্ষা করেছি ৯ হাজার ৯৮৭টি গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬০৮ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬১০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। সুস্থ হয়েছে ৩৬০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৩৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৫ জন ও নারী তিনজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রংপুর বিভাগের দুইজন ও সিলেট বিভাগের একজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন ১০ জন। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১-৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ নয়জন, ৭১-৮০ তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন ও বাকি দুজন বাড়িতে। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৪৬৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৮০ জনকে।
আমাদের বাণী ডট কম/৩০ মে ২০২০/সিসিপি
