ডেস্ক রিপোর্ট, ঢাকা; নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৭০৯ জনের মৃত্যু হলো। মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক এক হাজার ৩২০ জন ও চট্টগ্রাম বিভাগে ৬৮৮ জন মৃত্যুবরণ করেছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৩২০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮৮, রাজশাহী বিভাগে ১৪৯, বরিশাল বিভাগে ১০০, সিলেট বিভাগে ১২৫, রংপুর বিভাগে ৯১, ময়মনসিংহ বিভাগে ৫৮ ও খুলনা বিভাগে ১৭৮ জন মৃত্যুবরণ করেছেন।
বুলেটিনে অধ্যাপক নাসিমা বলেন, এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন হাজার ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ১০ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ২০ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন ও ৮০ থেকে ৯০ বছরের মধ্যে দুজন মৃত্যুবরণ করেছেন।’
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৫, খুলনা বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের পাঁচজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।
অধ্যাপক নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ১০ জন মারা গেছে। এ ছাড়া এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ১৩৮ জন পুরুষ ও ৫৭১ জন নারী মৃত্যুবরণ করেছেন।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৪৯ জনের নমুনা সংগ্রহ হয়েছে। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৯৮ জনের নমুনা। এর মধ্য থেকে তিন হাজার ৫৭ জনের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা নমুনা পরীক্ষার ২৩ দশমিক ৭০ শতাংশ।
ডা. নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪১ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট এক লাখ ১৫ হাজার ৩৯৭ জন সুস্থ হয়েছে। মোট শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ।
আমাদের বাণী ডট কম/২১ জুলাই ২০২০/পিপিএম
