নিজস্ব সংবাদদাতা, শেরপুর; বাংলাদেশেো দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আজই প্রথম একদিনে ১৮ জনের শরীরে কেভিড ১৯ পাওয়া গেছে। এই করোনা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় পুরো দেশ। সাধারণ জ্বর ঠান্ডা কাশি হলেও তাকে ঘরবন্ধী কিংবা এলাকাছাড়া করছে আতংকিত মানুষ। শেরপুরের ঝিনাইগাতীতে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক কিশোরকে (১৫) তালাবদ্ধ করে রেখেছে আতঙ্কিত গ্রামবাসী পরে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০) বিকেলে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের ওই কিশোরের নমুনা সংগ্রহ করা হয়। ওই কিশোর তার বাবা-মার সঙ্গে ঢাকার আশুলিয়ায় থাকত।
এ বিষয়ে হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, আশুলিয়ায় থাকাবস্থায় সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয় কিশোর। সেখানে চিকিৎসা না পেয়ে গতকাল শনিবার রাতে বাড়িতে চলে আসে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গ্রামবাসীরা আজ সকালে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন এবং স্বাস্থ্য বিভাগকে খবর দেন।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘রোগীর শরীরে করোনাভাইরাস আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়নি। তবে পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।’
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। নতুন করে আরও এক জন মারা গেছেন এ নিয়েনের মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। আজ রবিবার(০৫ এপ্রিল ২০২০) দুপুর ১২ টায় স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি
