নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা;  করোনাভাইরাসে কুমিল্লা জেলায় আরো আটজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬ জনে। এ পর্যন্ত কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেবিদ্বার উপজেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২৬ জন।

আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২০) সকালে  কুমিল্লা জেলা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা: নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লা নগরীতে একজন, আদর্শ সদরে একজন, দেবিদ্বারে তিনজন, সদর দক্ষিণে একজন, মুরাদনগরে একজন ও মেঘনা উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে দুই হাজার ৮৫২ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে দুই হাজার ৫৫৭ জনের। মারা গেছেন চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পাঁচ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ পাঁচ হাজার ৫১৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন, তার আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।