হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়ায় নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো  ৩০ জনে।

আজ সোমবার (১৮ মে ২০২০) সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।  নতুন শনাক্তকৃত দুজনই কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। আক্রান্ত দুজনই পুরুষ।  একজন উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর গ্রামের অপরজন একই উপজেলার চিথলিয়ার। এ নিয়ে মিরপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজনে।

কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম আমাদের বাণী ডট কমকে আজ সোমবার  সন্ধায় জানান,  আজকে দুইজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে মোট জেলায় অদ্যবধি ৩০ জন করোনা রোগীকে আমরা শনাক্ত করতে পেরেছি।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ মোট ১৬০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা গুলোর মধ্যে কুষ্টিয়া ৯৭ টি, চুয়াডাঙ্গা ৫৪ ও মেহেরপুর ৯টি। ১৬০ টি নমুনা পরীক্ষা করে কুষ্টিয়ার দুইজনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

এর মধ্যে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে৷ বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়ার  উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা দৌলতপুর ১১ জন, ভেড়ামারা ২, মিরপুর ৬, সদর উপজেলায় ৩ জন, কুমারখালী ৫ ও  খোকসা  উপজেলায় ১ জন।  সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১৮ জন । এদের মধ্যে পুরুষ রোগী ১৯ জন ও নারী ৯ জন। 

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮ মে ২০২০) তথ্য অনুযায়ী, , গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৯৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় নয় হাজার ৭৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৮৫ হাজার ১৯৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৯ জনে।  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৮৫ জন। সুস্থতার হার ১৯.২১ শতাংশ ও মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৭ জন ও নারী চারজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, সিলেট বিভাগের একজন ও রাজশাহী বিভাগের একজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন ছয়জন। তাদের বয়স বিশ্লেষণে ৩১-৪০ বছরের মধ্যে দুইজন, ৪১-৫০ ছয়জন, ৫১-৬০ আটজন এবং ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৩১ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৯৬ জনকে।

আমাদের বাণী ডট কম/১৮ মে ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।